নিজস্ব প্রতিবেদক | এডুকেশন বাংলাদেশ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবরের সত্যতা এবং আইনগত ভিত্তি যাচাই করছে সরকার। বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গণমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর তিনি শুনেছেন। তবে আবেদনের সত্যতা এখনো নিজে যাচাই করতে পারেননি।
তিনি বলেন, আবেদনটি যথাযথভাবে করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি রয়েছে কি না এবং শেখ হাসিনার এ ধরনের আবেদন করার অধিকার আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় দেখছে। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আনুষ্ঠানিক বক্তব্য দেবে।
প্রত্যর্পণ চুক্তিতে দেশে ফেরানোর উদ্যোগ
শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে।
তিনি জানান, আইন অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করছে।
পাসপোর্ট আবেদনের প্রেক্ষাপট
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। তবে এ আবেদনের সত্যতা ও আইনগত গ্রহণযোগ্যতা সম্পর্কে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক যাচাই এখনো সম্পন্ন হয়নি।
এ বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের।