লেভান্তেকে ৬-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের লড়াইটা ছিল লিগের শীর্ষ দলের সঙ্গে তলানির দলের, সবচেয়ে দুর্ধর্ষ আক্রমণের বিপরীতে সবচেয়ে বাজে রক্ষণের। দুই দলের অবস্থানের বৈপরীত্য যখন আকাশ-পাতাল, ফলাফলটাও সেই গোছের হওয়াটাই স্বাভাবিক। সান্তিয়াগো বার্নাবিউতে লেভান্তেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এতে টেবিলের একেবারে নিচের অবস্থানে থাকা লেভান্তের অবনমনও নিশ্চিত হয়ে গেছে। আর মাদ্রিদের এই দুরন্ত জয়ের দিনে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পেয়েছেন দলটির ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।