প্রতারণা করে ৩৭ লাখ টাকা আত্মসাতের মামলায় এখন জামিনে আছেন আশিকুল ইসলাম ও ফারহানা ফারদিন (পপি) দম্পতি
ছয় বছর আগে এক মন্ত্রী ও তাঁর মেয়ের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে কুষ্টিয়ার এক পৌর কাউন্সিলরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন এক দম্পতি। এরপর নানা বাহানা ও লোভ দেখিয়ে ওই কাউন্সিলর ও তাঁর এক আত্মীয়ের কাছ থেকে কয়েক দফায় ৩৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন তাঁরা।
কুষ্টিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহীন উদ্দিন প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরেছিলেন বছরখানেকের মধ্যেই। পরে ২০১৯ সালে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন তিনি। ওই মামলা তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে আদালতের নির্দেশে মামলাটি পুনঃ তদন্ত করে প্রতারণার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এই প্রতারণায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন আশিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা ফারদিন (পপি)। দুজনেরই বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। বর্তমানে এই মামলায় জামিনে আছেন তাঁরা।